ইয়েমেনে হুথিদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবকে সামরিক সহায়তার উপায় নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধানরা। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার নিউইয়র্কে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে সেনাপ্রধানদের বৈঠকের তারিখ বা সম্ভাব্য সামরিক সহায়তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনও একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক সহযোগিতা জোরদার করা।

এদিকে সৌদি আরব জানিয়েছে, ইয়েমেন থেকে তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। হুথিরা রিয়াদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তার প্রস্তাব দিয়েছে ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইয়ানবু রক্ষায় সামরিক সরঞ্জাম ও জনবল পাঠানোর কথা জানিয়েছেন।