৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি ছবিটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চলচ্চিত্রের নাম ঘোষণা করেন।
৯৯তম অস্কারের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।
পরে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। বাকি চারটি চলচ্চিত্রের মধ্যে দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ‘রইদ’কে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয়।
ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ছিলেন ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচি। কমিটির অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
‘রইদ’ নির্বাচিত হওয়ায় নির্মাতা, প্রযোজক, শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি। কমিটির আশা, চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে তুলে ধরবে।
বাংলাদেশের হয়ে ‘রইদ’-এর এই অস্কারযাত্রায় গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্রপ্রেমীদের সহযোগিতা কামনা করেছে কমিটি।



মন্তব্য করুন