‘মারাত্মক ও বেদনাদায়ক আঘাত’ পাওয়ার পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। যুদ্ধবিরতি ও সংঘাতের অবসানে আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টার মধ্যেই তার পক্ষ থেকে এই বক্তব্য এলো।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করে বলা হয়, হরমুজ প্রণালীর ‘সাহসী যোদ্ধা ও প্রহরীদের’ হাতে মারাত্মক আঘাত পাওয়ার পর শত্রুরা আরব সাগরের দিকে অগ্রসর হওয়ার সাহস দেখাচ্ছে না।

মোজতবা খামেনি বলেন, যখনই তারা এ ধরনের ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছে, তখনই নিজেদের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। খুব শিগগিরই আরব সাগরও তাদের উপস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

আরব উপদ্বীপ থেকে ভারতের পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত আরব সাগর আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এর সঙ্গে ইরানের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সরাসরি যোগাযোগ রয়েছে।

ফেব্রুয়ারির শেষদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।