বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে মার্কিন সরকার। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ বিশেষ কিছু ওষুধ ও এর কাঁচামাল এ সুবিধার আওতায় থাকবে।

মার্কিন বাণিজ্য বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক চিকিৎসা এবং জিন থেরাপিতে ব্যবহৃত ওষুধ শূন্য শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে। এসব ওষুধ উৎপাদনে প্রয়োজনীয় নির্দিষ্ট উপাদানও একই সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নসহ মোট ২০টি দেশের নির্দিষ্ট পণ্য এ শুল্কছাড়ের আওতায় রাখা হয়েছে।

তবে সব ধরনের ওষুধ এ সুবিধা পাবে না। নির্দিষ্ট কিছু পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত এ শুল্ক ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর বিষয় বিবেচনায় নিয়ে শুল্কছাড়ের তালিকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানকে সেকশন ২৩২-এর আওতায় আরোপিত ওষুধবিষয়ক শুল্কের বাইরে রাখার কথা জানানো হয়েছে। ফলে বাংলাদেশি ওষুধ রপ্তানিকারকদের জন্য বিশেষায়িত ও জেনেরিক ওষুধের ক্ষেত্রে শুল্ক কাঠামো আলাদা হতে পারে।