প্রশিক্ষণ উড্ডয়নের সময় রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান তুপোলেভ টিইউ-৯৫ বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে, চীন সীমান্তের কাছে জনবসতিহীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
মাটিতে আছড়ে পড়ার পর বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রুশ অ্যারোস্পেস ফোর্সেসের একটি তদন্ত কমিশন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত বিমান থেকে ধোঁয়া উঠতে দেখা গেলেও ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
তুপোলেভ টিইউ-৯৫ সোভিয়েত আমলে তৈরি একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। এটি পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপে সক্ষম এবং ১৯৫০-এর দশক থেকে রুশ সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে।

মন্তব্য করুন