ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে গত সোমবার মাত্র ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪টি হামলা চালিয়ে হুথিদের কয়েকটি ঘাঁটি দখল করা হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনী। এসব অভিযানে অন্তত ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি। তাঁর দাবি, অভিযানে হুথিদের ১৩৫টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে হামলাগুলো চালানো হয়। এতে হুথিদের আক্রমণ পরিচালনার সক্ষমতা এবং রসদ সরবরাহব্যবস্থা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র ও শাবওয়া প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পশ্চিম উপকূল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর কাছেও বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকানোর দাবি করেছে সরকারি বাহিনী।

গত ৫ অক্টোবর হুথিদের পরাজিত করে দখল করা অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী। এরপর থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। অভিযানে সৌদি আরব বিমান সহায়তা দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সোমবার শাবওয়া প্রদেশে একটি সেনা প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হুথিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। ওই হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।