ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা পরিমাপের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে এই সূচকের পরিবর্তে দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করবে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দিন নির্দিষ্ট সময়ে কোনো পোস্ট বা কনটেন্ট কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ ব্যবহার করা হতো। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এই সূচক আর পাওয়া যাবে না।
নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্টের দর্শকসংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, ব্যবসাপ্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং কনটেন্ট নির্মাতাদের কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হতে পারে।
ফেসবুকে কোনো পোস্ট কত মানুষের কাছে পৌঁছেছে, তা বোঝার জন্য এত দিন ‘রিচ’ গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে ব্যবসায়িক পেজের প্রচারণা, বিজ্ঞাপনের কার্যকারিতা এবং কনটেন্টের জনপ্রিয়তা মূল্যায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
নতুন মেট্রিক চালু হলে কনটেন্টের দর্শকসংক্রান্ত তথ্য বিশ্লেষণে নতুন পদ্ধতির সঙ্গে পরিচিত হতে হবে ব্যবহারকারীদের। তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’-এর হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে।
এই পরিবর্তনের কারণে সংবাদমাধ্যম, ডিজিটাল বিপণনকর্মী, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের বিশ্লেষণ কৌশল হালনাগাদ করতে হবে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পুরোনো পারফরম্যান্স প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের সংজ্ঞা ও হিসাবপদ্ধতি বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে কনটেন্টের কার্যকারিতা তুলনা ও প্রচারণার ফলাফল মূল্যায়ন সহজ হবে।

মন্তব্য করুন