ফ্রান্সে সাম্প্রতিক দাঙ্গার সময় বিভিন্ন দোকান থেকে লুট হওয়া বিলাসবহুল পণ্য অনলাইনে বিক্রির বিজ্ঞাপন ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। রোলেক্স, লুই ভুতোঁ ও সেফোরার মতো প্রতিষ্ঠানের দোকানে লুটপাটের ঘটনার পর অনলাইন ব্যবহৃত পণ্যের বাজার ভিন্টেড সন্দেহজনক বিজ্ঞাপন সরাতে এবং নজরদারি বাড়াতে উদ্যোগ নিয়েছে।
ভিন্টেড জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে চুরি করা পণ্য বিক্রি কিংবা এ ধরনের পণ্য বিক্রির আহ্বান জানানো সম্পূর্ণ নিষিদ্ধ। লুট হওয়া পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞাপন শনাক্ত করে সরিয়ে ফেলার পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। নীতিমালা লঙ্ঘনকারীদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নতুন ধরনের ঝুঁকি শনাক্ত এবং অবৈধ বেচাকেনা ঠেকাতে ফরাসি কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে তারা।দাঙ্গার সময় লুট হওয়া পণ্য অনলাইনে বিক্রির খবর সামনে আসার পর ডিজিটাল মার্কেটপ্লেসগুলোর ওপর নজরদারি জোরদার করেছে ফরাসি সরকার।
দেশটির ক্ষুদ্র ব্যবসাবিষয়ক মন্ত্রী সার্জ পাপিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অনলাইন মার্কেটপ্লেস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার বৈঠক করেছে। এতে স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অংশ নেন। বৈঠকে লুট হওয়া পণ্যের বিজ্ঞাপন শনাক্ত ও সরিয়ে ফেলার বিষয়ে প্ল্যাটফর্মগুলো প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।
ফ্রান্সে দাঙ্গার সময় লুই ভুতোঁ, রোলেক্স ও প্রসাধনসামগ্রী বিক্রেতা সেফোরার মতো প্রতিষ্ঠানের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেফোরা জানিয়েছে, দেশটিতে তাদের কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়েছে। এ সময় কর্মীদের সহিংসতা ও আতঙ্কের মুখে পড়তে হয়।
কর্মী ও ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ রাখে। এ ছাড়া বারবেরিও প্যারিসের রু সাঁত-অনরে এলাকায় তাদের একটি দোকান সাময়িকভাবে বন্ধ রেখেছিল।
লুট হওয়া পণ্য অনলাইনে বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। শুধু বিজ্ঞাপন সরানো নয়, চুরি করা পণ্যের উৎস শনাক্ত করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফরাসি সরকার ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর যৌথ উদ্যোগে অবৈধ বেচাকেনা কতটা নিয়ন্ত্রণে আসে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন