হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, প্রণালির দক্ষিণে ইরানের ঘোষিত নিষিদ্ধ পথে চলাচলের সময় মাইন বিস্ফোরণে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
মঙ্গলবার (২০ অক্টোবর) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণে আইআরজিসির নৌবাহিনীর পেতে রাখা মাইনে বিস্ফোরণ ঘটলে ট্যাংকার দুটি আগুনের কবলে পড়ে। তবে জাহাজ দুটির নাম, ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের তথ্য কিংবা ট্যাংকার দুটির মালিকানা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এ দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে, একই রাতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির আকাশসীমা পর্যবেক্ষণের সময় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে। পরে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্যের তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
হরমুজ প্রণালির মাইন পাতা নিষিদ্ধ পথে জাহাজ চলাচল না করার জন্য আবারও সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। বাহিনীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ওই পথে চলাচলকারী জাহাজগুলো ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্রের সরকারকে ‘আধিপত্যবাদী’ আখ্যা দিয়ে আইআরজিসি বলেছে, উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে এর পরিণতি ভোগ করতে হবে।
বিবৃতিতে ইরানের জনগণের প্রতিরোধের প্রশংসা করার পাশাপাশি দেশটির নৌ ও মহাকাশ বাহিনী ওই অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বলেও জানানো হয়।

মন্তব্য করুন