ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিনেমাটির নাম ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। নাম ঘোষণার পর থেকেই সিনেমাটির নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

‘মহব্বত’-এর প্রকাশিত পোস্টারে কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে এক নারীকে দেখা গেছে। পুরুষটির হাতে আগ্নেয়াস্ত্র ও পরনে লম্বা কোট থাকলেও পোস্টারে নারী চরিত্রের পরিচয় প্রকাশ করা হয়নি।

এরপরই গুঞ্জন ছড়িয়েছে, ভারতের পর এবার পাকিস্তানের কোনো জনপ্রিয় নায়িকাকে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে। সিনেমাটির নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সূত্রগুলোর দাবি, আলোচনায় থাকা একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও চলছে। একই সঙ্গে ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে এখনো কারও সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। ফলে শাকিবের বিপরীতে শেষ পর্যন্ত কে অভিনয় করবেন, তা নিশ্চিত নয়।

পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানও এ বিষয়ে এখনই কোনো নাম প্রকাশ করতে রাজি হননি। তারা জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’-এর শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সঙ্গে শাকিব খানের এটি তৃতীয় সিনেমা। এর আগে এই জুটি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা উপহার দিয়েছেন।