মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনৈতিক উত্তরাধিকার, বর্তমান মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এবং পরবর্তী নেতৃত্ব নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে দীর্ঘ সময় ধরে নানা প্রশ্ন করেছিলেন। এ সময় তিনি এআই চ্যাটবট ‘গ্রক’-এর কাছ থেকে সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও মতামত জানতে চান।শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প দীর্ঘ সময় ধরে মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট গ্রককে বিভিন্ন প্রশ্ন করেন।
বৈঠকে ট্রাম্প নিজের প্রেসিডেন্ট পদ ও রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে প্রশ্ন করার পাশাপাশি ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করলে দেশটির জনগণের প্রতিক্রিয়া কী হতে পারে, সেটিও জানতে চান। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার বরাত দিয়ে টাইম জানায়, ওই সময় ট্রাম্প ভেনেজুয়েলার নৌযানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছিলেন। এসব নৌযানকে যুক্তরাষ্ট্র মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছিল।
মাদুরোকে আটক করা হলে ভেনেজুয়েলার জনগণ কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে—এ প্রশ্নের জবাবে গ্রক মাদুরোকে দমনমূলক ও ব্যাপকভাবে অজনপ্রিয় নেতা হিসেবে বর্ণনা করে। তার পতনে অনেক ভেনেজুয়েলান আনন্দিত হতে পারেন বলেও চ্যাটবটটি জানিয়েছিল বলে ওই কর্মকর্তা দাবি করেন।
এর প্রায় এক মাস পর, ২০২৬ সালের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে। পরে দেশটির বিভিন্ন স্থানে মাদুরোর আটকের ঘটনায় উল্লাসের দৃশ্য দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
টাইম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিজ্ঞতার পর ট্রাম্প গ্রকের সক্ষমতা নিয়ে আরও ইতিবাচক ধারণা পোষণ করতে শুরু করেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা নিয়েও তার আগ্রহ বাড়ে।
এ সময় প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ বাড়তে থাকে। সরকারি ও কৌশলগত কাজে এআই ব্যবহারের বিষয়টিও তার প্রশাসনে ক্রমশ গুরুত্ব পেতে থাকে।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। ফলে বর্তমান মেয়াদ শেষে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ ও তার উত্তরসূরি নিয়ে আলোচনা মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন