সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার নির্ধারিত ফ্লাইটের ৬০ শতাংশ বাতিল করা হয়েছে। পরপর দুই দিন হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর এ পরিস্থিতি তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা কিরিয়ামের তথ্য অনুযায়ী, রোববার বিমানবন্দরটির নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করা হয়েছিল।
এদিকে, শনিবার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক আহত হন। রোববারের হামলায় আরও একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার সৌদির দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালায় হুথি বাহিনী। তবে ওই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
হামলার দায় স্বীকার করে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী ভবিষ্যতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।



মন্তব্য করুন