ফ্রান্সের একটি জাদুঘর থেকে চুরি হওয়া বিশ্বখ্যাত চিত্রশিল্পী পিয়েরে-অগুস্ত রেনোয়ারের দুটি মূল্যবান চিত্রকর্ম এক মাস পর উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া শিল্পকর্ম দুটির বাজারমূল্য কয়েক লাখ ডলার।
গত ৮ সেপ্টেম্বর ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় রিভিয়েরা এলাকার কাগন-সুর-মের শহরে অবস্থিত রেনোয়া জাদুঘরে চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রথমে জাদুঘরের বাগানের বেড়া কেটে ভেতরে প্রবেশের পথ তৈরি করে। পরে একটি জানালা দিয়ে জাদুঘরে ঢুকে মূল্যবান চিত্রকর্ম নিয়ে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া চিত্রকর্ম দুটি হলো ‘মাদাম কোলোনা রোমানো’ ও ‘ইয়াং ওম্যান অ্যাট দ্য ওয়েল’। এগুলো প্যারিসের ওরসে জাদুঘরের মালিকানাধীন। প্রদর্শনীর জন্য চিত্রকর্ম দুটি রেনোয়া জাদুঘরে রাখা হয়েছিল।
শুক্রবার কাগন-সুর-মেরের মেয়র ব্রায়ান ম্যাসন এক বিবৃতিতে চিত্রকর্ম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই খবর শহরটির বাসিন্দাদের জন্য অপরিসীম আনন্দ ও স্বস্তির।
তবে কীভাবে চিত্রকর্ম দুটি উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্সেইয়ের সরকারি কৌঁসুলির দপ্তর। তদন্তের স্বার্থে এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। একই কারণে মেয়র একটি সংবাদ সম্মেলনও বাতিল করেন।
চুরির সময় দুর্বৃত্তরা আরও দুটি চিত্রকর্ম নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেগুলো হলো ‘মাদাম পিশোঁ’ ও ‘কোকো রিডিং’। দ্বিতীয় চিত্রকর্মটিতে রেনোয়ার ছোট ছেলে ক্লদকে পড়তে দেখা যায়। তবে জাদুঘরের অ্যালার্ম বেজে উঠলে নিরাপত্তাকর্মীরা তৎপর হন। ধাওয়ার মুখে চোরেরা বাগানেই ওই দুটি চিত্রকর্ম ফেলে পালিয়ে যায়।
পিয়েরে-অগুস্ত রেনোয়া ছিলেন ইমপ্রেশনিস্ট শিল্পধারার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী। তাঁর আঁকা চিত্রকর্ম আন্তর্জাতিক শিল্পবাজারে বিপুল দামে বিক্রি হয়েছে। ফলে তাঁর শিল্পকর্ম চুরির ঘটনায় শিল্পপ্রেমী ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। এক মাস পর দুটি চিত্রকর্ম উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তারের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে।



মন্তব্য করুন