সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে গন্তব্যে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের টিকিট কাউন্টারে রিয়াদগামী যাত্রীদের ভিড় দেখা যায়। বাতিল হওয়া ফ্লাইটের পরিবর্তে বিকল্প টিকিট পেতে সেখানে অপেক্ষা করছেন অনেকে। কেউ টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন, আবার কেউ যাত্রার নিশ্চয়তা না পেয়ে উদ্বেগে রয়েছেন।
যাত্রীদের মধ্যে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসীদের পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি থাকা ব্যক্তিরাও রয়েছেন। নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারলে চাকরি হারানো কিংবা ভিসাসংক্রান্ত জটিলতায় পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
রিয়াদগামী যাত্রী কামাল হোসেন জানান, তাঁর ছুটি শেষ হচ্ছে পরদিন। এর মধ্যে কর্মস্থলে ফিরতে না পারলে চাকরিতে সমস্যা হতে পারে। তাঁর ভিসার মেয়াদও রয়েছে মাত্র তিন দিন। তাই দ্রুত সৌদি আরবে পৌঁছানো তাঁর জন্য জরুরি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, যাঁদের সোমবার রিয়াদগামী ফ্লাইটে যাওয়ার কথা ছিল এবং যাঁদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, তাঁদের অগ্রাধিকার দিয়ে মদিনাগামী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মদিনায় পৌঁছানোর পর যাত্রীরা সড়কপথে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।
এ ছাড়া বাতিল হওয়া ফ্লাইটের টিকিট কোনো বাতিল ফি ছাড়াই পুনরায় ইস্যু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিকল্প ফ্লাইটে আসন ও যাত্রার সময় নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যাত্রীদের।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরিবর্তিত সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন