জাতিসংঘের একটি সংস্থা রবিবার জানিয়েছে, ৮-৯ অক্টোবর রাতে জিবুতির উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ১৫ শিশুসহ অন্তত ১০৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১১৬ জন নিখোঁজ হয়েছেন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে—জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে ৩৫০ জন যাত্রী নিয়ে যাওয়া নৌকাটি জিবুতির ওবক (Obock) শহরের উত্তরে উল্টে যায়।
বিবৃতিতে জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্দ্রে কোইসাক বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক প্রাণহানির ঘটনা। আমরা বেঁচে যাওয়া ব্যক্তি এবং সেইসব পরিবারের পাশে আছি যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন কিংবা যাদের স্বজনদের কোনো খবর পাওয়া যাচ্ছে না।”
তিনি জানান, জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে জিবুতির কর্তৃপক্ষের পাশাপাশি আইওএম-এর দলগুলোও ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও বলেন, “এই মর্মান্তিক ঘটনাটি সেইসব বিপদের কথা স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, যার মুখোমুখি অভিবাসীরা এই অভিবাসন পথে হয়ে থাকেন। তারা মূলত অর্থনৈতিক সুযোগের সন্ধানে বাব আল-মানদাব প্রণালী পাড়ি দিয়ে ইয়েমেন এবং সেখান থেকে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত ১০৯টি লাশের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫ জন শিশু (নয়জন মেয়ে ও ছয়জন ছেলে) ছিল।
নৌকাডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ প্রাণে বেঁচে গেছেন; তাদের সবাই ইথিওপিয়ার নাগরিক।
আইওএম জানিয়েছে, “মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা সত্ত্বেও দারিদ্র্য, নিরাপত্তাহীনতা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব অনেককে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় উদ্বুদ্ধ করে।”



মন্তব্য করুন