চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। শিক্ষার্থীদের আন্দোলনের ২১ দিন পর সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি রাউজানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে উপাচার্যের কার্যালয়ে যান।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করছেন। এতে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগের পর থেকেই তাঁর ক্যাম্পাসে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নতুন উপাচার্যের প্রবেশের মধ্য দিয়ে পরিস্থিতিতে নতুন মোড় এসেছে। তবে এ বিষয়ে উপাচার্যের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।