সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত শুনানি শেষে তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানালেও আদালত তা নাকচ করেন।

পুলিশের রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও সহিংসতামূলক ডিজিটাল কনটেন্ট প্রচার এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনের সঙ্গে যোগসাজশের অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তের স্বার্থে সহযোগী আসামিদের শনাক্ত, অবৈধ অর্থায়নের উৎস অনুসন্ধান, ডিজিটাল আলামত সংগ্রহ এবং কথিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে রিমান্ড চাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়।