ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করেছে দিল্লি পুলিশ। সোমবার (১২ অক্টোবর) পুলিশ কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষরিত এক নির্দেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে বিক্ষোভ-সমাবেশের জন্য বিকল্প হিসেবে রাজধানীর তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের বিকল্প স্থান হিসেবে ব্যবহার করা যাবে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। এসব স্থানে কর্মসূচি আয়োজনের জন্য সংশোধিত কার্যপদ্ধতি বা এসওপি পরে প্রকাশ করা হবে।
এর আগে ২০২২ সালের ২৮ এপ্রিল এক নির্দেশের মাধ্যমে যন্তর মন্তরকে বিক্ষোভ ও সমাবেশের নির্ধারিত স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছিল দিল্লি পুলিশ। নতুন নির্দেশের মধ্য দিয়ে কার্যত সেই সিদ্ধান্ত বাতিল করা হলো।
সাম্প্রতিক সময়ে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিভিন্ন কর্মসূচির কারণে যন্তর মন্তর নতুন করে আলোচনায় আসে। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন সেখানে বিক্ষোভ করেছিল সংগঠনটি।
এ ছাড়া ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি। তবে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে কর্মসূচিটি আয়োজন করতে পারেনি সংগঠনটি। এ ঘটনাকে কেন্দ্র করে আটক হওয়া সংগঠনের শীর্ষ নেতা অভিজিৎ দীপ রোববার মুক্তি পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিজেপির অন্যতম মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চেয়ে তাঁরা পুলিশের কাছে নতুন করে আবেদন করেছেন। জবাব দেওয়ার জন্য পুলিশকে ২৪ ঘণ্টা সময়ও দিয়েছিল সংগঠনটি।
তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধের নির্দেশ জারি করল দিল্লি পুলিশ। ফলে রাজধানীর পরিচিত এই প্রতিবাদস্থলে ভবিষ্যতে বিক্ষোভ আয়োজনের সুযোগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।



মন্তব্য করুন