ভগবান রাম ও অযোধ্যার রামমন্দিরের অনুপ্রেরণায় বিলাসবহুল ঘড়ি তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো.। ‘শ্রীরামচন্দ্র লিমিটেড এডিশন’ নামের এই ঘড়িটির দাম ৪ কোটি ২৫ লাখ ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বজুড়ে ঘড়িটির মাত্র তিনটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘড়িটির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। জ্যাকব অ্যান্ড কো.-র অ্যাস্ট্রোনোমিয়া সোলার মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বিশেষ এই সংস্করণ।
ঘড়িটির ডায়ালের ছয়টার অবস্থানে রয়েছেন ভগবান রাম এবং ন’টার অবস্থানে ভগবান হনুমান। এতে নীল ল্যাকার দিয়ে তৈরি পৃথিবীর প্রতিকৃতি রয়েছে, যা মাত্র এক মিনিটে নিজের অক্ষের চারদিকে পূর্ণ আবর্তন সম্পন্ন করে। ১২টার অবস্থানে থাকা ফ্লাইং ট্যুরবিলন কেজও এক মিনিটে পূর্ণ আবর্তন সম্পন্ন করে।
ঘড়িটির ঘণ্টা ও মিনিটের কাঁটা তৈরি হয়েছে ৫এন রোজ গোল্ড দিয়ে। এতে কমলা রঙের ফায়ার ওপাল পাথরে তৈরি একটি অফ-সেন্টার ডায়াল রয়েছে। কেন্দ্রে বসানো হয়েছে গেরুয়া আভাযুক্ত কমলা রঙের কিউবিক জিরকোনিয়া পাথর, যা সূর্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।
মন্দির, মণ্ডল-অনুপ্রাণিত নকশা, নক্ষত্রমণ্ডলের অবয়ব এবং ত্রিমাত্রিক খোদাই ঘড়িটির সৌন্দর্য বাড়িয়েছে।
ঘড়িটির কেস তৈরি হয়েছে ১৮ ক্যারেট রোজ গোল্ড দিয়ে। পাশের অংশে রয়েছে স্যাফায়ার ক্রিস্টাল এবং ওপরে গম্বুজাকৃতির স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস। নীল অ্যালিগেটর চামড়ার স্ট্র্যাপ এতে এনেছে আভিজাত্যের ছোঁয়া।
অ্যাস্ট্রোনোমিয়া সিরিজের বৈশিষ্ট্য অনুযায়ী, ঘড়িটির জটিল যান্ত্রিক কাঠামো বিভিন্ন দিক থেকে দেখা যায়।
ইথোস ওয়াচ বুটিকসের ওয়েবসাইট অনুযায়ী, ঘড়িটির দাম ৪ কোটি ২৫ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।
বিরল নকশা, আধ্যাত্মিক অনুপ্রেরণা ও অত্যাধুনিক যান্ত্রিক কারিগরির সমন্বয়ে ‘শ্রীরামচন্দ্র’ ঘড়িটি বিলাসবহুল ঘড়িপ্রেমী ও সংগ্রাহকদের নজর কাড়ছে।

মন্তব্য করুন