ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের বিস্তারিত জানার পর এ বিষয়ে কথা বলবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজন করা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেবা নিতে আসা সব শ্রেণি-পেশার মানুষের প্রতি পুলিশকে আরও আন্তরিক হতে হবে। ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে সবাইকে আইনি সেবা ও সুরক্ষা দিতে হবে।
তিনি বলেন, মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার মাধ্যমে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে দক্ষ, আধুনিক, মানবিক ও সেবামুখী বাহিনীতে রূপান্তর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, যানবাহন ক্রয়, প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের কাজ চলছে বলে জানান তিনি।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তুরাগ নদ থেকে ২৮ বছর বয়সী কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

মন্তব্য করুন