মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আধুনিক, সুশৃঙ্খল ও পেশাদার পাসপোর্ট সেবা কার্যক্রমের প্রশংসা করেছেন দেশটির মালাক্কা রাজ্যের গভর্নর তুন সেরি সেতিয়া ড. হাজি মোহাম্মদ আলী বিন মোহাম্মদ রুস্তম। কুয়ালালামপুরে একটি পাসপোর্ট সেবা কেন্দ্র পরিদর্শন করে তিনি এ সন্তুষ্টি প্রকাশ করেন।

সম্প্রতি কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত এক্সপ্যাট সার্ভিসেস (কুয়ালালামপুর) এসডিএন. বিএইচডি. (ইএসকেএল) কার্যালয় পরিদর্শন করেন মালাক্কার গভর্নর। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, সেবার মান এবং আবেদনকারীদের জন্য তৈরি করা আধুনিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় পরিচালিত এই সেবা কেন্দ্রের পরিবেশ, কর্মীদের পেশাদার আচরণ এবং সুশৃঙ্খল কার্যক্রম দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস আহমাদের উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন।

জানা গেছে, মালাক্কা রাজ্যে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস ও কর্মরত রয়েছেন। তাদের কাছ থেকে প্রতিষ্ঠানটির সেবার বিষয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথা শুনেই সরাসরি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন গভর্নর।

পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ায় এত সুন্দর ও পেশাদারভাবে পরিচালিত পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, তা আগে কল্পনাও করেননি। বিশেষ করে সাধারণ প্রবাসীদের জন্য সহজ, সম্মানজনক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তান শ্রী জো জো, দাতো উইরা রেদুনা, দাতো সেরি হাবস্রি ও দাতো জুলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

গভর্নর বিদেশে কর্মরত প্রবাসীদের জন্য এ ধরনের সেবামূলক উদ্যোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেন। সংশ্লিষ্টদের মতে, সম্ভাব্য এই সফর বাংলাদেশ ও মালাক্কার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখতে পারে।

ইএসকেএলের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস আহমাদ বলেন, মালাক্কার গভর্নরের এই পরিদর্শন ও স্বীকৃতি তাদের পুরো দলের জন্য বড় অনুপ্রেরণা। তিনি জানান, তাদের লক্ষ্য শুধু পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা নয়, বরং প্রবাসীরা যেন সম্মান ও আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করা।

২০২৪ সাল থেকে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় ইএসকেএল মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট ও সংশ্লিষ্ট কনস্যুলার সেবা দিয়ে আসছে।