বুড়িগঙ্গা নদীর দূষণ বন্ধে ঢাকার ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে সব ধরনের প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সম্পূর্ণ অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবিষ্যতে নদীর তীরে কেউ যেন বর্জ্য ফেলতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের বিস্তারিত জানিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছেন আদালত।
রোববার (৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ নির্দেশ দেন। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানি ও আদেশের দিন ধার্য করেছেন আদালত।
শুনানিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে প্রায় ৩০০ টন বর্জ্য অপসারণের তথ্য তুলে ধরা হয়।
তবে প্রতিবেদনে সব ধরনের প্লাস্টিক বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ভবিষ্যতে নদীর তীরে বর্জ্য ফেলা বন্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও উল্লেখ করা হয়নি।
আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালতের আগের নির্দেশনা অনুযায়ী এখনো সব বর্জ্য অপসারণের বিষয়টি প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। তাই প্রতিবেদনটি গ্রহণযোগ্য নয়।
পরে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়।
বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে এইচআরপিবির করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে কয়েকটি নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। পরবর্তী সময়ে গত ২ সেপ্টেম্বর ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছিলেন আদালত।

মন্তব্য করুন