সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের খবর তিনি শুনেছেন এবং সংবাদমাধ্যমেও দেখেছেন। তবে এখনো এর সত্যতা নিশ্চিত হতে পারেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না—সব দিক পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আশ্রয়দাতা দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।
রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়ে এসব ঘটনা প্রতিহত করছে।

মন্তব্য করুন