মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
দেশগুলো হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ছয়টি দেশই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৪’-এর আওতায় রয়েছে। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।
পোস্টে বলা হয়, দেশগুলোর স্থানীয় পরিস্থিতি এবং সেখানে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতার কারণে এ সতর্কতা জারি করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের ভাষায়, ‘এই স্থানগুলো বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ আরও কয়েকটি দেশ।

মন্তব্য করুন