দীর্ঘ নয় বছরের পথচলা শেষে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজনের শুটিং। প্রিয় এই নাটকের সমাপ্তির মুহূর্তে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পলাশ ফিরে গেছেন ধারাবাহিকটির শুরুর দিনগুলোতে। রাজধানীর লালমাটিয়ার সেই রাস্তা, গাছতলা আর চেনা বিকেলের স্মৃতি তুলে ধরে তিনি লেখেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’
পলাশ জানান, একটি গল্পের শুরু হিসেবে যাত্রা করেছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। দেখতে দেখতে কেটে গেছে অনেক বছর। বদলেছে সময়, বদলেছে চারপাশ। বড় হয়েছে নাটকটি, সেই সঙ্গে বড় হয়েছেন তিনিও।
শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করে অভিনেতা লেখেন, অসংখ্য সকাল, রাত, আনন্দ, অভিমান আর প্রিয় মানুষের স্মৃতি মিলিয়ে কখন যে নাটকটি জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারেননি। এত বছরের স্মৃতি কোন শব্দে প্রকাশ করবেন, তা নিয়েও আবেগ প্রকাশ করেন তিনি।
বিদায়ের বেদনা নিয়ে পলাশের ভাষ্য, শুটিং শেষ হয়, আলো নিভে যায়, মানুষ ফিরে যায়; কিন্তু থেকে যায় সেই গাছতলা, রাস্তা আর মানুষের হাসির শব্দ। তাঁর কথায়, গল্প শেষ হলেও শুরুর দিনের সেই ছেলেটি এখনো স্মৃতির জায়গায় দাঁড়িয়ে আছে।
নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। কাবিলা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান জিয়াউল হক পলাশ। দীর্ঘ সময়ে ধারাবাহিকটি দর্শকের কাছে বিনোদনের পাশাপাশি আবেগ ও স্মৃতির অংশ হয়ে উঠেছে।

মন্তব্য করুন