লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাই।
তিনি বলেন, ইরানে বোমা হামলা চালানোর উদ্দেশ্যে কোনো মার্কিন বিমান মধ্যপ্রাচ্য, ইউরোপ কিংবা বিশ্বের অন্য কোনো প্রান্তের সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করলে সেই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না ইরান।
রেজাই আরও জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক আগ্রাসন মোকাবিলায় ইরান নিজেদের পাল্টা হামলার সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। মার্কিন বাহিনী যেসব সামরিক স্থাপনাকে নিরাপদ মনে করে, সেগুলোও ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসতে পারে বলে সতর্ক করেন তিনি।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা নিয়েও তেহরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনায় ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়া এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।
পাশাপাশি নিজেদের পারমাণবিক কর্মসূচি আলোচনার বাইরে রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন রেজাই। তিনি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানোর বিষয়ে সম্মত নয় তেহরান।
অন্যদিকে, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রয়োজন দেখছে না ওয়াশিংটন।

মন্তব্য করুন