ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে সরাসরি আলোচনার উদ্যোগ নিতে পারেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ লক্ষ্যে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে মুখোমুখি বৈঠকের বিষয়টি বিবেচনা করছেন তিনি। সম্ভাব্য এই বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহার নাম উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে এ খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যকার আলোচনা সম্পর্কে অবগত একাধিক সূত্র বৈঠকের সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, গত অক্টোবর মাসে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছিলেন জেডি ভ্যান্স। ওই চিঠিতে সরাসরি বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রেজায়ি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এর ভেতরে কী লেখা ছিল, সে সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের সম্ভাবনা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে বৈঠকের সময়, স্থান কিংবা আলোচ্যসূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।