বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। উৎসবের অনুষ্ঠানে অভিনেত্রীর গলায় থাকা পান্নার নেকলেসে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা থাকায় আপত্তি জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। এ ঘটনায় কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) এ নোটিশ পাঠানো হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে।

বিতর্কের সূত্রপাত দীপাবলি উপলক্ষে কারিনার প্রকাশিত কয়েকটি ছবি থেকে। উৎসবে অভিনেত্রী পরেছিলেন জয়পুরের ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ি। তাঁর গলায় ছিল বিশেষ নকশার পান্নার নেকলেস, যাতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত।

কারিনার সাজের দায়িত্বে ছিলেন রিয়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, নেকলেসটি ভোপালের সাবেক নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী অলংকার। এতে রয়েছে ৩০ ক্যারেটের পান্না।

পতৌদি পরিবারের সঙ্গেও গয়নাটির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কারিনার স্বামী সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তাঁর মাধ্যমেই গয়নাটি পরিবারের উত্তরাধিকার হিসেবে এসেছে বলে জানা গেছে।

আব্বাস হাফিজের দাবি, তাঁর আপত্তি কারিনার ব্যক্তিগত পোশাক বা পছন্দ নিয়ে নয়। বরং পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের ক্ষেত্রে যথাযথ ধর্মীয় সম্মান বজায় রাখা প্রয়োজন। তাঁর মতে, ছবিতে গয়নাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে মুসলিম সম্প্রদায়ের একাংশের অনুভূতিতে আঘাত লাগতে পারে।

তিনি আরও জানিয়েছেন, এটি তাঁর ব্যক্তিগত উদ্যোগে পাঠানো আইনি নোটিশ, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়।