খুলনার রূপসায় শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের একটি দোকানে বসেছিলেন জাকির। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয়রা উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র ও রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফকিরহাট ও রূপসা থানার মাঝামাঝি এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।