কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তাদের অভিযোগ, সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করায় জাহাজগুলো নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, বুধবার অননুমোদিত পথ ব্যবহার করে হরমুজ প্রণালিতে প্রবেশ করেছিল দুটি সুপারট্যাংকার। সতর্কতা উপেক্ষা করায় সেগুলো নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হয়ে অচল হয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘটনার ভিডিও ফুটেজও প্রচার করা হয়েছে।
পরে বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, জাহাজ দুটি প্রণালির পূর্বাংশ দিয়ে যাওয়ার সময় সতর্কতা উপেক্ষা করে এবং রাডার বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এরপর নৌ-মাইনের আঘাতে জাহাজগুলোতে আগুন ধরে যায়।
এদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ উপকূলের প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। পরে সব ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও হামলার ঘটনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনের প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও নতুন এসব ঘটনায় উদ্বেগ বাড়ছে।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে এ অঞ্চলে জাহাজে ৩৭টি হামলার ঘটনা ঘটেছে, যা ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরের প্রথম ১০ দিনেই অন্তত ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন