বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী (আর্লি-ওয়ার্নিং) রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে হামলার প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সিরিক দ্বীপে যোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনার ওই রাডার ধ্বংস করা হয়েছে। এ পদক্ষেপকে ওয়াশিংটনের প্রতি গুরুতর সতর্কবার্তা হিসেবেও উল্লেখ করেছে তারা। তবে হামলায় রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং তেল চোরাচালান কার্যক্রম বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স যেকোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্প্রতি ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে ইরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, দেশটির ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পাল্লার ওপর আর আগের বিধিনিষেধ কার্যকর নেই। তবে নতুন সক্ষমতা বাস্তবে প্রদর্শনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মোহেব্বির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। দেশের অবকাঠামোয় হামলার জবাব দিতে আইআরজিসি কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলেছে বলেও জানান তিনি।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে।

প্রতিবেদনে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে দাবি করা হয়, ইরান প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। দেশটির মজুতে আরও প্রায় ১ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।