বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। দুই দেশের মধ্যে স্থগিত হওয়া কনস্যুলার সংলাপও পারস্পরিক সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, দুই দেশের সুবিধাজনক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংলাপে ভিসাসহ কনস্যুলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতের এই মুখপাত্র বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় নয়াদিল্লি। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠক হয়েছে।

তিনি আরও জানান, দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনার জন্য বিদ্যমান কাঠামো ও কারিগরি প্রস্তুতি রয়েছে ভারতের। কনস্যুলার সংলাপও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে।

এদিকে, ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন সম্পর্কেও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এ নিয়ে তার কিছু বলার নেই।