শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সোনার গহনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের তথ্য অনুযায়ী, শনিবার স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য নির্ধারণের ফলে দেশের বাজারে সোনার গহনা কেনার ক্ষেত্রে ক্রেতারা আগের তুলনায় কিছুটা কম খরচ করবেন। বিশেষ করে ২২ ক্যারেটের সোনার গহনা কিনতে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা সাশ্রয় হবে।
তবে সোনার দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামেই দেশের বাজারে রুপা বিক্রি হবে।
দেশের বাজারে সোনার দাম নির্ধারণে স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে থাকে বাজুস। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নির্ধারিত দাম কার্যকর থাকবে।

মন্তব্য করুন