চীনের শীর্ষ ১০০ ধনীর সম্মিলিত সম্পদ কমেছে। গত বছর তাদের মোট সম্পদের পরিমাণ ছিল ১ লাখ ৩৫ হাজার কোটি ডলার। এ বছর তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে দ্রুত অগ্রগতি এবং রপ্তানি আয় বাড়লেও অভ্যন্তরীণ বাজারের দুর্বলতা, ভোক্তাদের ব্যয় সংকোচন ও আবাসন খাতের মন্দা ধাক্কা দিয়েছে দেশটির শীর্ষ ধনীদের সম্পদে।

তবে এই পরিস্থিতির মধ্যেও সম্পদ বাড়িয়ে প্রথমবারের মতো চীনের শীর্ষ ধনীর আসন দখল করেছেন বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিং। গত এক বছরে তার সম্পদ বেড়েছে ১ হাজার ৪৭০ কোটি ডলার। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি ডলার।

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এখন এআই খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি এ বছর এআই অবকাঠামো উন্নয়নে ৭ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

পাঁচ বছর ধরে শীর্ষ অবস্থানে থাকা নংফু স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ঝং শানশান নেমে গেছেন দ্বিতীয় স্থানে। তার সম্পদ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০ কোটি ডলারে। এক বছরে সম্পদ কমেছে ১ হাজার ৬৯০ কোটি ডলার। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে রয়েছেন এআই প্রতিষ্ঠান ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। এক বছরে তার সম্পদ বেড়েছে ৩ হাজার ৪৫০ কোটি ডলার। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি ডলার। তালিকায় তিনি এগিয়েছেন ৩১ ধাপ। এ বছর সম্পদ বৃদ্ধির দিক থেকেও তিনিই শীর্ষে।

এদিকে পেট্রোরসায়ন ও জাহাজ নির্মাণ খাতে ব্যবসার সম্প্রসারণে হেংলি গ্রুপের চেয়ারম্যান চেন জিয়ানহুয়ার সম্পদ দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে ২ হাজার ৫২০ কোটি ডলার। তিনি তালিকায় উঠে এসেছেন দশম স্থানে।

এবারের তালিকায় নতুন যুক্ত হয়েছেন সাতজন। উল্লেখযোগ্য বিষয় হলো, তাদের সবাই এআই, রোবটিকস কিংবা সংশ্লিষ্ট প্রযুক্তি খাতের উদ্যোক্তা। নতুনদের মধ্যে সবচেয়ে ধনী চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটির সহপ্রতিষ্ঠাতা ঝু ইমিং। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৩০০ কোটি ডলার।

তালিকায় নতুনদের মধ্যে রয়েছেন মানবসদৃশ রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রির প্রতিষ্ঠাতা ৩৬ বছর বয়সী ওয়াং শিংশিং। তিনি এবারের তালিকার সবচেয়ে কম বয়সী সদস্য। অন্যদিকে নতুন তালিকাভুক্তদের মধ্যে একমাত্র নারী ওয়াং শিন।

এ ছাড়া ছয়জন পুরোনো ধনী আবার তালিকায় ফিরেছেন। অন্যদিকে বাদ পড়েছেন ১৩ জন। শীর্ষ ১০০-তে জায়গা পাওয়ার ন্যূনতম সম্পদের সীমাও বেড়েছে। গত বছর যেখানে ৪৬০ কোটি ডলার সম্পদ থাকলেই তালিকায় স্থান পাওয়া যেত, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ কোটি ডলারে।

এবারের তালিকা চীনের অর্থনীতিতে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ক্রমবর্ধমান প্রভাবের পাশাপাশি প্রচলিত ব্যবসায়িক খাতের চ্যালেঞ্জও তুলে ধরেছে।