মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে ভয়াবহ যুদ্ধ? ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। তার এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে পৌঁছান মোসাদপ্রধান। ইরান যুদ্ধ এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই তার এই সফর।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, সফরে গোফম্যানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের বৈঠক হয়েছে। এ ছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য তার মিয়ামি যাওয়ার কথা রয়েছে।

তবে এ সফর ও বৈঠকের বিষয়ে মোসাদ, সিআইএ কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে তিনি দ্বিধা করবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, একেবারেই না। পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন। এমনকি এখনই সেই সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও কার্যত বন্ধ হয়ে যায়।

এর আগে জুনে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরির চেষ্টা হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে সেই উদ্যোগ ভেঙে পড়ে।

এখন মোসাদপ্রধানের ওয়াশিংটন সফর এবং নেতানিয়াহুর চাপের মধ্যে ইরান নিয়ে ট্রাম্প কী সিদ্ধান্ত নেন, সেটিই হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতির বড় প্রশ্ন। নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে।