জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেওয়া হবে। তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত মন্তব্য করেননি। বরং প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছিলেন।

সালাউদ্দিন আহমদ জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরদিন বিষয়টি সংসদে উত্থাপিত হলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্য তুলে ধরেন। ঘটনার দিন ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি।

পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে বিজিবির একজন মেজর, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন দিনের সময়সীমা শেষে সোমবার কমিটি প্রতিবেদন জমা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও ধারণা করা হয়েছিল। তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

বাড়িতে অগ্নিকাণ্ডের সময় মানুষ বের হয়নি—এমন দাবি তিনি করেননি বলেও জানান মন্ত্রী। পরে পাওয়া ভিডিওতে এক নারীকে শিশুসন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা গেছে। এ ছাড়া আগুনে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।