ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে শ্রম আইনের ১৩(১) ধারায়। বাকি ৫৬টি কারখানায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি অনুযায়ী কারখানা বন্ধ রাখার সুযোগ রয়েছে।
এদিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, বন্ধ ঘোষণা করা কয়েকটি কারখানা আবার চালুর চিন্তাভাবনা করছেন মালিকরা। শ্রমিক ফেডারেশনের নেতারাও কাজে ফেরার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে তিনি জানান, সোমবার বোর্ডের কাছে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হবে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির সুপারিশ করা হচ্ছে, তা প্রকাশ করেননি তিনি।
গত কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এসব আন্দোলনে বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে দেশের প্রধান রপ্তানি খাতের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রোববার সাভার ও আশুলিয়ার কয়েকটি কারখানার ফটকে উৎপাদন বন্ধের নোটিশ টাঙানো হয়। সেখানে শ্রমিক অসন্তোষ, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে কারখানা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ বিভিন্ন কারণে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজে যোগ দেননি। তবে পরে কেউ কেউ কাজে ফিরেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

মন্তব্য করুন