বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে এবার বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের দাবি, সাগরে পেতে রাখা নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে একটি বিশাল তেলবাহী সুপারট্যাংকার ডুবে গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় জাহাজ দুটি মাইনে আঘাত হানে। এতে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ডুবে যাওয়া সুপারট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটির ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইরানি বাহিনী।

এদিকে হরমুজ প্রণালি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। এই জলপথে চলাচলকারী জাহাজ ও সংশ্লিষ্ট দেশগুলোকে ইরানের সঙ্গে সমন্বয় করার শর্তও দিচ্ছে দেশটি।

ইরানের দাবি, হরমুজ প্রণালির দুই তীরবর্তী দেশ হিসেবে শুধু ইরান ও ওমানেরই এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই অবস্থানের বিরোধিতা করছে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে। ফলে এই জলপথে নতুন করে বিস্ফোরণ ও জাহাজডুবির ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং নৌবাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।