দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি নভেম্বরের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হতে পারে। দেশটিতে যেতে একজন কর্মীর মোট খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী জানান, আগামীকাল মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত স্বাস্থ্য পরীক্ষাকেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী সপ্তাহের শেষ দিকে কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার আশা রয়েছে।
তিনি বলেন, কর্মীপ্রতি মোট অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় কিংবা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও অনিয়মের বিষয়েও সংসদে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিদেশে গিয়ে চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না দেওয়া এবং প্রতারণার অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন