জোটের কয়েকজন নেতা ঘটনাটিকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।
আইজেনকোট বর্তমানে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন। তার জোটে রয়েছেন নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো।
কান জানিয়েছে, গত সপ্তাহে পার্লামেন্ট নেসেটের শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের পর দুই পক্ষের সমঝোতার সম্ভাবনা আরও কমে যায়।
এ ছাড়া ইরান বিষয়ে আলোচনার জন্য মোসাদপ্রধান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও অসন্তুষ্ট আইজেনকোট। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হলেও তাকে এ সফরের বিষয়ে কিছু জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন নেতানিয়াহুর কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরব রাজনৈতিক দল রা’আম পার্টির কর্মীদের গ্রেপ্তার করেছিল। পরে ওই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। একই দিনে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতিও চেয়েছিলেন শিন বেটপ্রধান। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।
নির্বাচনে নেতানিয়াহুর জোট আসন হারালেও আইজেনকোটের জোট ও আরব দলগুলো সম্মিলিতভাবে ১২০ আসনের মধ্যে ৬৭টি পেয়েছে।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি দেড় মাস সময় পাবেন। ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।

মন্তব্য করুন