ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ। শুধু সমালোচনাই নয়, সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারের সময়কেও ইনফান্তিনোর বর্তমান সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই সফল কোচ।

আগামী ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ক্লপ বলেন, ফিফার নেতৃত্বে পরিবর্তন এখন সময়ের দাবি। তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম, সেপ ব্লাটারের পর পরিস্থিতি আর খারাপ হতে পারে না। কিন্তু এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি?’

গত এক দশক ধরে ফিফার নেতৃত্বে রয়েছেন ইনফান্তিনো। তবে সাম্প্রতিক সময়ে সংস্থাটির বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক বাড়ছে। বিশেষ করে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের ঘটনায় ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক হস্তক্ষেপের পর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তার খেলার সুযোগ পাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

এ ছাড়া বিশ্বকাপ-পরবর্তী সময়ে ২০ বিলিয়ন ডলারের একটি কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েও সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। ব্যক্তিগত বিনিয়োগকারীদের অংশগ্রহণে বিশ্বকাপ পরিচালনার পরিকল্পনাটি নিয়েও ফুটবল অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

আগামী ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। তবে তার পরিবর্তে ফুটবলের প্রতি প্রকৃত আগ্রহ রয়েছে, এমন কাউকে নেতৃত্বে দেখতে চান ক্লপ।

তিনি বলেন, ‘এমন মানুষ অবশ্যই আছেন, যারা সত্যিকার অর্থেই ফুটবলের কথা ভাবেন এবং যাদের কোনো আর্থিক স্বার্থ নেই। তাদের কেউ দায়িত্ব নিলে সেটি হবে ইতিবাচক পরিবর্তন।’

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়তে পারেন ফিফা কাউন্সিলের সদস্য কোজো তাশিমা ও সাবেক সুইস ফুটবলার রামন ভেগা। উয়েফাও বিকল্প প্রার্থী খুঁজছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে অন্তত পাঁচটি ফেডারেশনের সমর্থন প্রয়োজন। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ভোট।

ফিফার নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন ক্লপ। তার বক্তব্যে স্পষ্ট, ফুটবলের ভবিষ্যতের জন্য শুধু নেতৃত্ব নয়, নেতৃত্বের দর্শনেও পরিবর্তন চান তিনি।