মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বৃহস্পতিবার, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায় ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল।
ওই সামরিক অভিযানের ভয়াবহতায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা। বর্তমানে তারা বাংলাদেশের বিভিন্ন শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন।
অভিযানের শিকার রোহিঙ্গারা জানিয়েছেন, সে সময় তাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছিল। এসব ঘটনার পর জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও জানায়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল।
তবে শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা রক্ষার স্বার্থেই ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।
আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এই আদালত রায় দিয়ে থাকে।
দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে চলা এই আইনি প্রক্রিয়ার রায় রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার নজর হেগের আদালতের দিকে।

মন্তব্য করুন