রাশিয়া বিশ্বের জন্য উন্মুক্ত এবং দেশটির অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

পুতিন বলেন, রাশিয়া নিজেদের শিল্পভিত্তি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে অভ্যন্তরীণ পর্যায়ে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও কাজ করছে দেশটি।

তিনি আরও বলেন, রাশিয়ার অর্থনৈতিক কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এসব উদ্যোগ অব্যাহত থাকবে।

এপেক সম্মেলনের চূড়ান্ত ঘোষণার খসড়ার প্রতিও মস্কোর সমর্থন রয়েছে বলে জানান পুতিন। তার মতে, সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়াতে এপেকের একটি গঠনমূলক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

এদিকে সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। এই বৈঠক থেকে ইতিবাচক কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে সংক্ষেপে কিছু বলতেও দেখা যায়।

এ ছাড়া হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’