দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা।
এর আগে বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১০৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩ টাকা। ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ নতুন দাম কার্যকর থাকবে।

মন্তব্য করুন