দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত শীর্ষ পাঁচে জায়গা করে নেন পুয়ের্তো রিকো, ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিরা। চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস এবং মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন তারা। সবশেষে বিচারকদের মূল্যায়নে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে এই আন্তর্জাতিক খেতাব জিতে আনন্দে ভাসেন তিনি।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নিজের বক্তব্য দিয়ে নজর কাড়েন ফিলিপাইনের প্রতিনিধি বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্স কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক থাকবে, এমন প্রশ্নের উত্তরে তিনি নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষায় থাকতে হচ্ছে দেশটিকে।

মন্তব্য করুন