হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়।
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির গতিবিধি শনাক্ত করে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। পরে সেটি ধ্বংস করে ভূপাতিত করা হয়।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি একটি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান এবং দূরপাল্লায় অভিযান পরিচালনার সক্ষমতার জন্য ড্রোনটি পরিচিত।

নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা পরিচালনায় ব্যবহৃত হয় এমকিউ-৯ রিপার। মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ আকাশযানগুলোর মধ্যে এটি অন্যতম। আধুনিক প্রযুক্তি ও উন্নত সেন্সর ব্যবস্থার কারণে সামরিক অভিযানে ড্রোনটির বিশেষ গুরুত্ব রয়েছে।