সাগর উত্তাল থাকায় কয়েক দিন ধরে সেন্টমার্টিন দ্বীপে আটকে থাকার পর অবশেষে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন দ্বীপে আটকে পড়া অনেক পর্যটক।
জানা গেছে, বৈরী আবহাওয়া ও সতর্কসংকেতের কারণে গত ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-টেকনাফ এবং সেন্টমার্টিন-কক্সবাজার নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এতে আগে থেকে দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকরা সেখানে আটকা পড়েন।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার সকালে পর্যটকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সকাল থেকে পাঁচটি ট্রলারে করে পর্যটকরা টেকনাফের পথে যাত্রা শুরু করেন।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, সকাল থেকে পাঁচটি ট্রলারে পর্যটকদের টেকনাফে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, যেসব পর্যটক দ্বীপ থেকে ফিরতে আগ্রহী, তাঁরা ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। তবে যারা আরও কিছুদিন দ্বীপে থাকতে চান, তাঁরা সেখানেই অবস্থান করছেন।
তিনি আরও জানান, আগামীকাল কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। তখন দ্বীপে অবস্থানরত বাকি পর্যটকরা জাহাজে করে কক্সবাজারে ফিরতে পারবেন।
বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকার পর পর্যটকদের ফিরে যাওয়ায় স্বস্তি ফিরেছে দ্বীপে।

মন্তব্য করুন