ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১ হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করতে পর্তুগিজ এই মহাতারকার প্রয়োজন আর মাত্র ১৪টি গোল।
ইএসপিএনের হিসাব অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ১ হাজার ৩৪৪ ম্যাচ খেলে রোনালদোর গোলসংখ্যা ৯৮৬। অর্থাৎ হাজার গোলের স্বপ্ন পূরণ থেকে এখন মাত্র ১৪ গোল দূরে ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে আল নাসরের হয়ে গোল করে লক্ষ্যের আরও কাছে পৌঁছেছেন রোনালদো। যদিও তার দল ম্যাচটি হেরেছে ৩-১ গোলে। ম্যাচে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন তিনি। তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় আনুষ্ঠানিকভাবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ফলে এই কীর্তি গড়তে পারলে ইতিহাসের প্রথম ফুটবলার হওয়ার সুযোগ রয়েছে রোনালদোর সামনে।
দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে গোল করেছেন তিনি। পর্তুগাল জাতীয় দলের হয়েও ২২৫ ম্যাচে ১৪৩ গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন এই তারকা।
হাজার গোলের পথে চলতি বছরও দুর্দান্ত ছন্দে ছিলেন রোনালদো। গত ২৯ অক্টোবর আল খুদদের বিপক্ষে ৫-৩ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন তিনি। ওই ম্যাচের পর তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৫-তে। আল আহলির বিপক্ষে গোল করে সেটিকে নিয়ে গেছেন ৯৮৬-তে।
এখন প্রশ্ন একটাই—আর কত দিন অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের? রোনালদো কি প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে ১ হাজার গোলের অনন্য ইতিহাস গড়তে পারবেন?

মন্তব্য করুন