মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা! ইরানের ড্রোন হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলায় স্থাপনাটির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দেশটির সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম কিংবা অবস্থান প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যৌথ অভিযান চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।

আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা ও যুদ্ধ ড্রোনের অনুপ্রবেশ এবং ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাহরাইন। ইরানের বিরুদ্ধে ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই দেশটি একাধিকবার ড্রোন হামলার শিকার হয়েছে। গত ১৭ নভেম্বরের হামলার পর ২১ নভেম্বর আবারও হামলার ঘটনা ঘটল।

এদিকে বাহরাইনের নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি। সংস্থাটির মতে, বাহরাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত।