রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করা মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের আবারও সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে তাদের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বের অবসান ঘটেছে এবং সেনাবাহিনীতে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এর আগে প্রেষণে নিয়োগ দিয়ে এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। তারা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে কোন দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তাদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হয়নি।